চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় সরল ইউনিয়নে মাছের ঘেরকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়ে অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে থেকে শুক্রবার (৩১ জুলাই) ভোর পর্যন্ত ওই ইউনিয়নের বঙ্গোপসাগর সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) সরল ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আব্দুল আলিমের ছেলে।
স্থানীয় জানায়, মাছের প্রজেক্টের ভাগাভাগি ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে অনেকেই গুলিবিদ্ধ হন। তবে গুরুতর আহত জিল্লুর রহমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে গুলিবিদ্ধ আরও বেশ কয়জন গুরুতর আহত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিগত দিনে অসংখ্যবার এ মাছের ঘের নিয়ে হামলা মামলার ঘটনা ঘটে। ফলে অনেকে বিরুদ্ধে মামলা থাকায় আহত অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে গোপনে ব্যক্তিগত চিকিৎসা নিচ্ছেন বলে জানায় স্থানীয়রা।
এবিষয়ে বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। বর্তমানে পুলিশের বিশেষ দল ঘটনাস্থলে বিশেষ অভিযান পরিচালনা করেছে। ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তদন্তের পর জানানো হবে।
