দুমকিতে জমে উঠছে কুরবানির হাট, বাড়ছে পাইকারদের আনাগোনা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পটুয়াখালীর দুমকি উপজেলার বালুর মাঠে মৌসুমি কুরবানীর গরু-ছাগলের হাট জমতে শুরু করেছে। রবিবার (১৭ মে) বিভিন্ন এলাকা থেকে পাইকার ও ব্যবসায়ীরা গরু-ছাগল নিয়ে এ হাটে আসতে শুরু করলেও এখনো জমে ওঠেনি বেচাকেনা।

হাটে আসা ব্যবসায়ী আবু জাফর, স্থানীয় খামারী মজিবর মৃধা, বজলুর রহমান মৃধা জানান, ক্রেতারা হাটে এসে পশু দেখছেন, দামদর করছেন, তবে এখনই কেনাকাটায় খুব বেশি আগ্রহ দেখাচ্ছেন না। অনেকেই শেষ সময়ের অপেক্ষায় রয়েছেন। তবে কুরবানীর ঈদ যত ঘনিয়ে আসবে, ততই ক্রেতাদের উপস্থিতি ও বেচাকেনা বাড়বে বলে আশা করছেন তারা। 

হাট ঘুরে দেখা গেছে, দেশীয় জাতের গরুর পাশাপাশি বিভিন্ন আকারের ছাগলও উঠতে শুরু করেছে। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্তের ব্যবসায়ীরাও পশু নিয়ে আসছেন। হাটে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়েও প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ব্যবসায়ীরা বলছেন, পশুখাদ্যের দাম বৃদ্ধির কারণে এবার গরুর দাম কিছুটা বেশি চাওয়া হচ্ছে। তবে ক্রেতারা তুলনামূলক কম দামে পশু কিনতে চান। এ কারণে এখনো ক্রেতা-বিক্রেতার দরদামে কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে।