কুয়াকাটা সমুদ্রসৈকত ঘুরে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিলেন সরকারি বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থী জাহিদ হাওলাদার (২৩)। কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হলো না তার। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের খলিশাখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।
শুক্রবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ মাদারীপুরের শিবচর পৌরসভার বাসিন্দা শাহিন হাওলাদারের একমাত্র ছেলে।
স্বজনরা জানান, গত পরশুদিন আট বন্ধু চারটি মোটরসাইকেলে করে কুয়াকাটা বেড়াতে যান। শুক্রবার সকালে বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার পর পথে বৃষ্টির কারণে কিছুক্ষণ খলিশাখালী এলাকায় একটি গাছের নিচে অপেক্ষা করেন। পরে আবার যাত্রা শুরু করলে জাহিদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গ্রীন লাইন পরিবহনের একটি বাসের নিচে চলে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের খালাতো ভাই সায়েম বলেন, কয়েক মুহূর্ত আগেও সবাই একসঙ্গে ছিলেন। হঠাৎ মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়। চোখের সামনেই জাহিদকে হারাতে হয়েছে।
একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা শাহিন হাওলাদার। তিনি বলেন, ছেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল। ফিরে আসার পথেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফতাব উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই জাহিদের মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা শেষে মরদেহ আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
