পরকীয়ায় বলি মোকাররম!

অবশেষে পরিচয় মিলেছে টুকরো টুকরো করা লাশের। তার নাম মোকাররম মিয়া (২৮)। পরকীয়ার বলি হয়েছেন তিনি, এমনটি জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা। সোমবার (১৮ মে) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে মোকাররমের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এরপর দাফনের জন্য পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয় মৃতদেহটি।

মোকাররমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামে। তার বাবার নাম সোহরাব মিয়া আর মা সামিনা বেগম।
তার চাচাতো ভাই মো. রিফাত জানান, মোকাররম গত ৩ বছর যাবত সৌদি আরব ছিলেন। তার স্ত্রী জোনাকি আক্তার গৃহিণী । দুই ছেলে মুজাহিদ (৪) ও বায়জিদ (৬) মায়ের সাথে গ্রামের বাড়িতেই থাকেন।

তিনি জানান, মোকাররম সর্বশেষ ১৩ মে ছেলেদের সাথে ফোনে কথা বলেন। তখন তিনি কাজে যাচ্ছেন, পরে বাসায় ফিরে কথা বলবেন বলে জানান বাচ্চাদের। এরপর আর তার সাথে যোগাযোগ করতে পারে নি পরিবার। রবিবার রাতে আশুগঞ্জ থানা পুলিশ তাদের বাড়িতে গ্রাম পুলিশ পাঠিয়ে মোকাররমের লাশ উদ্ধারের খবর পাঠায়। এরপরই পরিবার ঢাকায় ছুটে আসেন। থানায় এসে বিষয়টি নিশ্চিত হন।

কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি জানাতে না পারলেও, একই গ্রামে আরেক প্রবাসীর স্ত্রীর সাথে মোকাররমের পরকীয়া সম্পর্ক ছিল বলে জানান, চাচাতো ভাই রিফাত। তিনি বলেন, মোকাররম যেদিন থেকে যোগাযোগের বাইরে, সেদিন থেকেই একই গ্রামের সেই প্রবাসীর স্ত্রীর বাড়িতেও তালা ঝুলানো। মোকাররমকে যারাই খুন করুক, এটি খুবই পরিকল্পিত। তাকে হত্যাকারীরাই দেশে ডেকে এনেছে। তবে তার দেশে আসার খবরটি পরিবারের কেউই জানেন না।

এর আগে, রোববার দুপুরে রাজধানীর মুগদা মান্ডার ১ম গলির একটি বাড়ির বেজমেন্ট থেকে পলিথিনে ভর্তি মরদেহের ৭ টুকরো উদ্ধার করে পুলিশ। এরপর রোববার দিবাগত মধ্যরাতে পূর্ব মানিকনগর এলাকা থেকে উদ্ধার করা হয় মোকাররমের বিচ্ছিন্ন মাথা।