দেশে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়াতে জনতা ব্যাংক ও বিকাশ যৌথভাবে নতুন ডিজিটাল সেবা চালু করেছে। এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা আরও সহজ, দ্রুত ও কম খরচে দেশে টাকা পাঠাতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোমবার (১৮ মে) জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্ত থেকে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, জনতা ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের আস্থার প্রতীক। তুলনামূলক কম সংখ্যক বাংলাদেশি থাকা সত্ত্বেও ইউএই থেকে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স দেশে আসে, যার পেছনে ব্যাংকগুলোর সচেতনতা ও সহজ সেবার বড় ভূমিকা রয়েছে।
তিনি ইউএইতে জনতা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রমের প্রশংসা করেন এবং ক্ষুদ্র অঙ্কের রেমিট্যান্সে চার্জমুক্ত সেবা দীর্ঘমেয়াদে চালুর আহ্বান জানান। পাশাপাশি প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে জনতা ব্যাংক ভবিষ্যতে আরও মানুষের কাছাকাছি পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জনতা ব্যাংকের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, ইউএইসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের কষ্ট কমাতে সহজ রেমিট্যান্স সেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বিকাশের সঙ্গে জনতা ব্যাংকের এই নতুন সংযুক্তি প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত ও সহজে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে বড় ভূমিকা রাখবে।
জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান বলেন, প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে জনতা ব্যাংককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করছে বর্তমান ব্যবস্থাপনা। ইতোমধ্যে ব্যাংকটি ডিজিটাল সেবায় ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। বিকাশের সঙ্গে ইন্টিগ্রেশনের ফলে প্রবাসীরা এখন আরও সহজে দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন, যা ঈদকে সামনে রেখে গ্রামাঞ্চলের মানুষের জন্য বড় সুবিধা হয়ে উঠবে।
তিনি আরও জানান, ইতালি ও সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংকের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি এজেন্ট পয়েন্ট ও ডিজিটাল সেবা বাড়ানো হয়েছে। নতুন বোর্ডের নেতৃত্বে ব্যাংকটি ইতোমধ্যে ১১টি নতুন ডিজিটাল সেবা চালু করেছে এবং নিজস্ব পেমেন্ট গেটওয়ে তৈরি করেছে।
বিকাশের প্রতিনিধি জাহিদ আহসান বলেন, ডিজিটাল রেমিট্যান্স সেবার মাধ্যমে প্রবাসীরা এখন দ্রুত, সহজ ও কম খরচে দেশে টাকা পাঠাতে পারছেন। বর্তমানে প্রতিদিন বিপুল সংখ্যক প্রবাসী বিকাশের মাধ্যমে রেমিট্যান্স পাঠাচ্ছেন এবং মাসে প্রায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলার দেশে আসছে। তিনি জানান, বিকাশের ২৪/৭ সেবা ও বিস্তৃত ডিজিটাল প্ল্যাটফর্ম গ্রাহকদের জন্য অর্থগ্রহণ ও বিভিন্ন পেমেন্ট সহজ করেছে। জনতা ব্যাংকের সঙ্গে এই সেবা আরও সম্প্রসারণে বিকাশ সব ধরনের প্রযুক্তি ও মার্কেটিং সহায়তা দেবে।
অনুষ্ঠানে জনতা ব্যাংক ইউএই’র সিইও কামরুজ্জামান বলেন, বিকাশের সঙ্গে এই সমঝোতা একটি আধুনিক মাইলফলক। এছাড়া ব্যাংকের ডিএমডি আব্দুর রহমান বলেন, বিপুল সংখ্যক রেমিট্যান্স যোদ্ধা এই সুবিধা গ্রহণ করলে তা দেশের রেমিট্যান্স প্রবাহে বড় সফলতা বয়ে আনবে।
আইসিটি ডিভিশনের জেনারেল ম্যানেজার মো. আনিস দেশ রূপান্তরকে জানায়, জনতা ব্যাংক পিএলসি প্রবাসী বাংলাদেশিদের জন্য বিকাশের মাধ্যমে সরাসরি রেমিট্যান্স বিতরণ সেবা চালু করেছে। এ সেবার ফলে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা এখন আরও সহজ, দ্রুত ও নিরাপদ উপায়ে দেশে অর্থ পাঠাতে পারবেন।
অনুষ্ঠানে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকসহ সারাদেশের বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।