জনতা ব্যাংক পিএলসি-এর প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) দ্রুত অনুমোদনের দাবিতে মানববন্ধন করেছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তারা।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদ, বাংলাদেশের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জনতা ব্যাংকের প্রস্তাবিত অর্গানোগ্রাম দীর্ঘদিন ধরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এর ফলে ব্যাংকটির কর্মকর্তাদের পদোন্নতি ও পদায়নসহ বিভিন্ন ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। দ্রুত অর্গানোগ্রাম অনুমোদনের মাধ্যমে এসব সমস্যা নিরসনের দাবি জানান তারা।
মানববন্ধনে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদ, বাংলাদেশের সমন্বয়ক মো. মোতাহের হোসেন ও সুমন ঘোষসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— জনতা ব্যাংকের প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদন করা, অর্গানোগ্রাম অনুমোদন না হওয়া পর্যন্ত ২০১৯ ও ২০২৪ সালের সুপারনিউমেরারি কর্মকর্তা বা পদ নিয়মিতকরণের কার্যক্রম বাতিল অথবা স্থগিত রাখা।
এ ছাড়া অর্গানোগ্রাম অনুমোদনের পর ৩১ ডিসেম্বর ২০২৪ ও ৩১ ডিসেম্বর ২০২৫-এর কাট-অফ অনুযায়ী যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত অন্যান্য ব্যাংকের সঙ্গে জনতা ব্যাংকের কর্মকর্তাদের পদোন্নতিতে বিদ্যমান বৈষম্য ও দীর্ঘদিনের জট দ্রুত নিরসনেরও দাবি জানান তারা।