গাছ রোপণের জন্য মাটি তৈরি করবেন যেভাবে

আসছে বর্ষাকাল। গাছ রোপণের সবচেয়ে উপযোগী সময়। তবে গাছ রোপণের আগে প্রয়োজন মাটি তৈরি। তার কাজ শুরু করতে হয় আগে থেকে। সাধারণত গাছ রোপণের জন্য চারা বসানোর অন্তত ১৫ থেকে ২০ দিন আগে মাটি তৈরি করে রাখতে হয়।

যে স্থানে গাছ রোপণ করা হবে সেখানে গর্ত করে মাটি তুলে সেই মাটির সঙ্গে জৈব ও রাসায়নিক সার মিশিয়ে কিছুদিন রেখে দিতে হয়। এর ফলে সার মাটিতে ভালোভাবে মিশে যায়, সারের কার্যকারিতা বাড়ে এবং গাছের শেকড় ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি কমে।

মাটি তৈরির সঠিক নিয়ম ও সময়কাল

প্রস্তুতির সময় চারা রোপণের অন্তত দুই থেকে তিন সপ্তাহ আগে মাটি প্রস্তুতের কাজ শুরু করতে হয়। সার মেশানো মাটিকে আর্দ্র করে পলিথিন বা বস্তা দিয়ে ঢেকে ১৫ দিন রেখে দিতে হয়।

মাটি শোধন ও রোপণ

১৫ দিন পর মাটি হালকা নেড়ে কয়েক ঘণ্টা বাতাসে রেখে দিতে হবে। এরপর গাছের চারা রোপণ করা যাবে।

টবের মাটির আদর্শ অনুপাত

মাটি তৈরির ক্ষেত্রে মাটি ও জৈব সারের অনুপাত সঠিকভাবে হওয়া জরুরি। সাধারণত শতকরা ৫০ ভাগ দো-আঁশ মাটি, ৩০ ভাগ জৈব সার বা পচা গোবর এবং ২০ ভাগ বালি মিশিয়ে ঝুরঝুরে মাটি তৈরি করা হয়। এর সঙ্গে পরিমাণমতো হাড়ের গুঁড়া, নিমখোল বা সামান্য ছাই মেশাতে পারলে ফল ভালো পাওয়া যায়।

জমির মাটির প্রস্তুতি

জমিতে গাছ রোপণের জন্য জমিতে চাষ দিয়ে আগাছামুক্ত করে নিন। এরপর গর্ত খুঁড়ে ওপরের মাটির সঙ্গে পচা গোবর ও অন্যান্য সার মিশিয়ে গর্ত ভরাট করে রাখতে হবে।