দ্বিজেন শর্মা পরিবেশ পদক পেলেন অধ্যাপক আশরাফুজ্জামান

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০১:৩২ এএম

বাংলাদেশের বিরল ও বিলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতি সংগ্রহ, সংরক্ষণ, উদ্ভিদ সম্পদের সম্প্রসারণ এবং প্রকৃতি সংরক্ষণে নিরলস অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৫ এর ‘নিসর্গ পুরস্কার’ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান।

অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামানের উদ্যোগে দেশের বিভিন্ন বনাঞ্চল থেকে সংগ্রহ করা বিরল ও বিলুপ্তপ্রায় প্রায় ১ হাজার ৮০০ প্রজাতির উদ্ভিদ বর্তমানে বাকৃবির বোটানিক্যাল গার্ডেনে সংরক্ষিত রয়েছে। এসব উদ্ভিদের চারা উৎপাদন ও বিতরণের মাধ্যমে তিনি বহু প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করেছেন। এ ছাড়া প্রায় ৫০০ প্রজাতির ঔষধি উদ্ভিদ নিয়ে তিনি একটি মুক্ত সংগ্রহশালা গড়ে তুলেছেন, যা ঐতিহ্যবাহী ভেষজ উদ্ভিদের সংরক্ষণ, গবেষণা ও শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি ৭০ প্রজাতির জলজ উদ্ভিদ সংরক্ষণের মাধ্যমে জলাশয়ের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং পানির গুণগত মান উন্নয়নেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন। উদ্ভিদ সংরক্ষণ, ঔষধি উদ্ভিদ এবং কৃষি ঐতিহ্য বিষয়ে দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তিনি ১২০টিরও বেশি গবেষণাপত্র প্রকাশ করেছেন।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান বলেন, ‘এই পুরস্কার আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। একটি মূল্যবান ও ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদের সন্ধানে কখনো দিনাজপুর, আবার কখনো টাঙ্গুয়ার হাওরে ছুটে গেছি। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে উদ্ভিদ সংরক্ষণের গুরুত্ব ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত