সদ্য যোগদান করা ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছেন, এ শহর-রাষ্ট্রকে সুন্দর ও সচল রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নৌপথে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। ঈদের এ সময়ে সড়ক খোঁড়াখুঁড়ি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। এর পাশাপাশি সরকারের সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করতে দায়িত্ব পালনের অনুরোধ জানান। গতকাল সোমবার ডিএমপি সদর দপ্তরের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার।
সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পুলিশের বিশেষায়িত ইউনিটের প্রতিনিধি, নৌপরিবহন অধিদপ্তর; বাস, ট্রাক ও লঞ্চ মালিক সমিতি ও শ্রমিক সমিতি; বিআইডব্লিউটিএ, বিকেএমইএ, বিজিএমইএ, জিএমপি, বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপথ অধিদপ্তর, ঢাকার দুই সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। এরপর সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধি উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন। সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনার ও উপপুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।