বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে রাতে বাসায় ফেরার পথে ছিনতায়ের শিকার হয়েছেন অভিনেত্রী রঞ্জিতা কনা। গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে রামপুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তার কানের দুল টান দিয়ে যায়। এতে তার কান ছিঁড়ে যায়।
গতকাল সোমবার এক ভিডিওবার্তায় অভিনেত্রী জানান, শিল্পী সমিতির নির্বাচন সব সময় একটি উৎসব। সেটা দেখার জন্য রবিবার এফডিসিতে যান। রাতে বাসার ফেরার সময় হঠাৎকেউ তাকে অনুসরণ করছিল বলে বুঝতে পারেন। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারী তার কানের দুল ধরে টান দিয়ে নিয়ে যায়। তিনি বলেন, ‘আমি প্রচ- ভয় পেয়ে গেছি। পরে চিৎকার করি। তখন দেখি কান থেকে রক্ত ঝরছে। কানে দুল নেই। ছিনতাইকারী দুল টান দেওয়ায় কানটা ছিঁড়ে গেছে।’
রঞ্জিতা জানান, পরে তিনি শিল্পী সমিতির সদস্যদের ফোন দিয়ে সহায়তা চান। অনেকেই তাকে সহায়তা করেননি। তিনি বলেন, ‘পরে জয় চৌধুরীকে ফোন দিলে সঙ্গে সঙ্গে চলে আসেন। জয়সহ কয়েকজন আমাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। কানে সাতটি সেলাই দিতে হয়েছে।’
আশির দশকের শেষ ভাগে নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘ঢাকা ৮৬’ সিনেমায় বাপ্পারাজের নায়িকা হয়ে আবির্ভূত হয়েছিলেন রঞ্জিতা। প্রথম সিনেমা দিয়েই পাদপ্রদীপের আলোয় আসেন তিনি।