দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে সরকারি হিসাবে হামজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৪ জনে। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ৭৫ জনের এবং সন্দেহজনক হামে ৩৮৯ শিশু। একই সময়ে ‘সন্দেহজনক’ হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪০৫ জন এবং হাম শনাক্ত হয়েছে ৮৯ জনের। সব মিলিয়ে হামজনিত নতুন রোগী পাওয়া গেছে ১ হাজার ৪৯৪ জন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরে তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ১৮ মে সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ৫৪ হাজার ৯১১ জন। হাম শনাক্ত হয়েছে ৭ হাজার ৮৫৬ জনের। হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ৮৬৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩৮ হাজার ৯৮০ জন।