শর্ত দিয়ে কিংস অ্যারেনাতেই ফাইনাল খেলতে রাজি মোহামেডান, পেছালো একদিন 

উত্তেজনা আর নানামুখী নাটকীয়তার অবসান ঘটিয়ে ফেডারেশন কাপ ফুটবলের মেগা ফাইনাল হতে যাচ্ছে বসুন্ধরার কিংস অ্যারেনাতেই। তবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ আর মাঠে গড়াচ্ছে না এই শিরোপা নির্ধারণী ম্যাচ; ভেন্যু জটিলতা কাটাতে ফাইনালটি একদিন পিছিয়ে আগামীকাল বুধবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির এক জরুরি সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়, কিংস অ্যারেনাতেই মুখোমুখি হবে দুই জায়ান্ট বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।

বসুন্ধরা কিংসের হোম গ্রাউন্ড কিংস অ্যারেনাতেই এই ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগে থেকেই। তবে গত বুধবার মোহামেডান ফাইনালে ওঠার পরপরই কিংসের ঘরের মাঠে এই হাই-ভোল্টেজ ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়। মোহামেডানের এই আপত্তির জেরে দেশের ফুটবলে এক বড় ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়।

সংকট নিরসনে গতকাল সোমবার দুই ক্লাবের ঊর্ধ্বতন প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠকে বসেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। কিন্তু সেই বৈঠকেও মোহামেডান তাদের দাবিতে অনড় থাকায় গতকাল কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছাতে পারেনি ফেডারেশন।

রাতে মোহামেডান ক্লাবের কর্তাদের সঙ্গে আবার আলোচনায় বসে বাফুফে। দীর্ঘ আলোচনার পর ফেডারেশনের পক্ষ থেকে মোহামেডানকে বুঝিয়ে-শুঝিয়ে কিংসের মাঠে খেলতে রাজি করানো সম্ভব হয়। তবে এর জন্য বাফুফের সামনে কিছু শর্ত জুড়ে দিয়েছে সাদা-কালো শিবির।

এ বিষয়ে মোহামেডানের ডিরেক্টর ইন চার্জ লোকমান হোসেন ভূঁইয়া সংবাদমাধ্যমকে জানান, "আমরা বাফুফেকে স্পষ্ট জানিয়েছি, লিখিত চিঠির মাধ্যমে আমাদের এই নিশ্চয়তা দিতে হবে যে মোহামেডান মাঠে কোনো ধরনের অবিচারের শিকার হবে না। একই সাথে বসুন্ধরা কিংসকেও বাফুফেকে নিশ্চিত করতে হবে যে তাদের মাঠে ফাইনাল হলে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে না। এছাড়া আমাদের প্রস্তুতি ও মানসিক গুছিয়ে নেওয়ার জন্য ফাইনাল ম্যাচটি একদিন পেছাতে হবে। এই শর্তগুলো পূরণ হলেই আমরা কিংস অ্যারেনায় খেলতে নামব।"