বলিউড তারকা সালমান খানের মুম্বাইয়ের বাড়ি ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এ আচমকাই সাপের উপদ্রব। সোমবার (১৮ মে) সেখানে একটি বড় সাপ দেখা যাওয়ায় তীব্র আতঙ্ক ছড়ায়। তবে শেষ পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি ছাড়াই সাপটিকে নিরাপদেই উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, সলমন ও তার পরিবার যে বহুতলটিতে থাকেন, তার নিচের তলাতেই সাপটিকে ঘুরে বেড়াতে দেখা যায়। সেখানে দায়িত্বে থাকা এক পুলিশ কর্মী প্রথম সাপটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে খবর দিয়ে একজন সাপুড়েকে ডেকে পাঠান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বন দপ্তরের কর্মীরাও।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া উদ্ধারকাজের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, প্রায় পাঁচ ফুট লম্বা একটি দাঁড়াশ সাপকে ধরার জন্য চেষ্টা করছেন ওই সাপুড়ে। কোনো রকম সুরক্ষামূলক গ্লাভস ছাড়াই তিনি সাপটির লেজ ধরে ফেলেন এবং সেটিকে নিজের হাতে পেঁচিয়ে একটি ব্যাগের ভেতর পুরে নেন। কোনও সেফটি গিয়ার ছাড়া ধরায় ধারণা করা হচ্ছে সাপটি বিষহীন ছিল। শেষমেশ সাপটিকে উদ্ধার করে বন দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আবাসন কর্মীরা।