লালপুরে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার 

নাটোরের লালপুর উপজেলার পালিদোহা এলাকা থেকে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ যুবদল নেতা মাহমুদ হাসান ওরফে সোনামনি এবং তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) রাত সোয়া ১টার দিকে বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাকি তিনজন হলেন- মো. সামিউল ইসলাম (৪৬), মো. কাজল (৪০) ও মো. মনিরুজ্জামান (৩৯)। এ সময় অজ্ঞাতনামা আরও একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। 

জানা যায়, সোনামণি পাবনার ঈশ্বরদীর পশ্চিম টেংরী এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। সে ঈশ্বরদীর আলোচ সন্ত্রাসী জাকারিয়া পিন্টুর ছোট ভাই।

পুলিশ জানায়, লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মাসুমের নেতৃত্বের পুলিশের একটি দল সোমবার রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে তল্লাশি শুরু করে। এ সময় উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা এলাকায় মো. আক্কাস মেম্বারের বাড়ির সামনে লালপুর থেকে ঈশ্বরদীগামী একটি সাদা রঙের প্রাইভেটকারে থাকা যাত্রীদের দেহ তল্লাশি করে বিদেশি একটি পিস্তল, ১০টি গুলি, লোহার তৈরি কালো রঙের দুটি ম্যাগাজিন ও ছয়টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একজন পালিয়ে যান।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযান চলাকালে অজ্ঞাতনামা একজন পালিয়ে যান। পলাতক ওই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।