গোপালগঞ্জের জন্য ২ ট্রেন দিচ্ছে বিএনপি সরকার

রেলপথে ঢাকা থেকে গোপালগঞ্জের দূরত্ব ১৪৫ কিলোমিটার। পদ্মা সেতুতে রেল যুক্ত হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলে ট্রেনের হুইসেল এখন নিত্যদিনের সঙ্গী। সেই পথ ধরে ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছে যাত্রীবাহী নতুন দুটি ট্রেন। গোপালগঞ্জের জন্য দুটি ট্রেন বরাদ্দ করতে যাচ্ছে বিএনপি সরকার।

রবিবার (১৭ মে) এ-সংক্রান্ত চূড়ান্ত নথি প্রস্তুত করে রেলওয়ে থেকে পাঠানো হয়েছে রেলপথ মন্ত্রণালয়ে। প্রস্তাবিত ট্রেনের নাম ‘অভিযাত্রী কমিউটার’। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা পথে চলাচল শুরু করবে এই ট্রেন।

রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, জয়দেবপুর কমিউটারের রেক ব্যবহার করে এই রুটে এক জোড়া নতুন ট্রেন পরিচালনা করা সম্ভব। ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের নম্বর প্রস্তাব করা হয়েছে ১৩৬ এবং গোপালগঞ্জ-ঢাকার ট্রেনের নম্বর ১৩৫।

৬০৯ আসন, থাকবে ৮ কোচ
‘অভিযাত্রী কমিউটারে’ যাত্রীবাহী কোচ থাকবে ৮টি। প্রতিটি কোচে সর্বোচ্চ ৯৭টি আসন থাকায় পুরো ট্রেনে আসন সংখ্যা দাঁড়াবে ৬০৯টি। ট্রেনটি চলবে গোপালগঞ্জের কাশিয়ানী জংশন ব্যবহার করে।

ঢাকা থেকে প্রতিদিন বিকেল সাড়ে ৩টায় ছেড়ে যাবে ‘অভিযাত্রী কমিউটার’। এটি গোপালগঞ্জ পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। সেখানে আধা ঘণ্টা বিশ্রামের পর রাত ৭টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। সবকিছু ঠিক থাকলে ট্রেনটি রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ঢাকা থেকে গোপালগঞ্জ যেতে সময় লাগবে ৩ ঘণ্টা ১০ মিনিট।

থাকবে শোভন ও মেট্রো টাইপ চেয়ার
রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী ট্রেনটিতে শোভন ও ‘মেট্রো টাইপ’ শোভন চেয়ার শ্রেণির আসন ব্যবস্থা থাকবে। ঢাকা থেকে ছেড়ে কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিবচর, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর হয়ে গোপালগঞ্জ পৌঁছাবে ট্রেনটি। সাপ্তাহিক ছুটি থাকবে শনিবার।

রেলওয়ের মহাব্যবস্থাপকের (পশ্চিম) পক্ষে সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, এই প্রস্তাব বাস্তবায়িত হলে কোনো চলমান ট্রেন বাতিল করতে হবে না। তবে গোপালগঞ্জে এক জোড়া ট্রেন চালু করতে হলে বন্ধ থাকা স্টেশন চালু করতে হবে এবং নতুন ক্রু ও গার্ড নিয়োগ দিতে হবে।

চার জেলার যাত্রীদের সাশ্রয় হবে সময় ও অর্থ
ট্রেনটি চালু হলে গোপালগঞ্জসহ আশপাশের চার জেলার শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষের ঢাকায় আসা-যাওয়ায় সময় ও অর্থ সাশ্রয় হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।