কালীগঞ্জে ভূমি সেবা মেলার উদ্বোধন

সারাদেশ ব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে কালীগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি কার্যালয়ে এসে শেষ হয়। পরে উপজেলা ভূমি কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া সারোয়ার (লিমা)।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা গণমাধ্যম কর্মী মুজিবুর রহমান, সাব-রেজিস্টার হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও তথ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ ও আধুনিক করতে এ মেলার আয়োজন করা হয়েছে।

এসময় প্রধানমন্ত্রী কতৃক সারাদেশব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভূমি সেবা গ্রহীতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী এ ভূমি সেবা মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।