উত্তপ্ত পৃথিবী ঝুঁকিতে জীবন

তাপপ্রবাহ জলবায়ু পরিবর্তনের এক কঠিন বাস্তবতা। দক্ষিণ আফ্রিকা থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত,  বিশ্বের বিভিন্ন অঞ্চলে এর প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার পূর্ব কেপ ও নর্দার্ন কেপসহ একাধিক অঞ্চলে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, যেখানে তাপমাত্রা 35°C  ছাড়িয়ে কিছু স্থানে 40°C-এরও বেশি পৌঁছাতে পারে। কিছু এলাকায় সাময়িক বৃষ্টি স্বস্তি দিলেও সামগ্রিক পরিস্থিতি এখনো উদ্বেগজনক। এসব ঘটনা দেখাচ্ছে, তাপপ্রবাহ এখন বৈশ্বিক উষ্ণায়নের গুরুত্বপূর্ণ ও বিপজ্জনক লক্ষণ। হিটওয়েভ এমন একটি সময়কাল, যখন কোনো অঞ্চলে টানা কয়েকদিন ধরে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি তাপমাত্রা বিরাজ করে। অনেক ক্ষেত্রে এর সঙ্গে উচ্চ আর্দ্রতা যুক্ত হয়, যা তাপমাত্রাকে আরও অসহনীয় করে তোলে এবং মানবদেহে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। বাংলাদেশে সাধারণত যখন ঢাকাসহ বড় শহরগুলোতে তাপমাত্রা টানা কয়েকদিন ৩৮- ৪০°C বা তার বেশি থাকে, তখন সেটিকে তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়। এ সময়ে শুধু অস্বস্তি নয়, বরং ডিহাইড্রেশন, হিটস্ট্রোক, কাজের সক্ষমতা কমে যাওয়া এবং বিদ্যুতের অতিরিক্ত চাহিদার কারণে লোডশেডিংয়ের মতো সমস্যাও দেখা দেয়।

বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী, শিল্পপূর্ব যুগের তুলনায় পৃথিবীর গড় তাপমাত্রা ইতিমধ্যে প্রায় 1.1°C  বেড়েছে, যা আপাতদৃষ্টিতে কম মনে হলেও এর প্রভাব অত্যন্ত গভীর ও বিস্তৃত। এই ধারাবাহিক উষ্ণায়নের ফলে গত কয়েক দশকে তাপপ্রবাহের সংখ্যা দুই থেকে তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বর্তমানের চরম তাপমাত্রা অতীতের তুলনায় 1 থেকে 3°C  বেশি হয়ে উঠছে, যা মানবজীবন ও পরিবেশের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। ফলস্বরূপ বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ৪ লাখ ৮৯ হাজার মানুষ তাপজনিত কারণে মৃত্যুবরণ করছেন। তীব্র তাপপ্রবাহ মানবদেহের স্বাভাবিক তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে দিয়ে দ্রুত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। শরীরের তাপমাত্রা ৪০ক্কঈ ছাড়িয়ে গেলে হিটস্ট্রোকের ঝুঁকি দেখা দেয়, যা প্রাণঘাতী হতে পারে। একই সঙ্গে অতিরিক্ত গরমে ডিহাইড্রেশন হয়, যা কিডনি ও অন্যান্য অঙ্গের ওপর চাপ সৃষ্টি করে এবং হৃদরোগজনিত জটিলতা বাড়িয়ে হাসপাতালে ভর্তি ১৫-২৫% পর্যন্ত বৃদ্ধি করে। গরম ও দূষিত বাতাস শ্বাসকষ্টসহ শ্বাসযন্ত্রের সমস্যাও বাড়ায়।

প্রাথমিক লক্ষণ হিসেবে মাথা ঘোরা, ক্লান্তি, বমি ভাব ও বিভ্রান্তি দেখা দিতে পারে, যা উপেক্ষা করলে পরিস্থিতি দ্রুত গুরুতর হয়ে ওঠে। বিশেষ করে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী, দীর্ঘমেয়াদি রোগী এবং বাইরে কাজ করা শ্রমিকরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। প্রতি বছর মার্চ থেকে মে মাসের মধ্যে দেশে তাপপ্রবাহ দেখা যায়, যা বর্ষা শুরুর আগে সবচেয়ে তীব্র হয়। বাংলাদেশে সাধারণত তাপমাত্রা 36-40°C-এর মধ্যে থাকলেও, তীব্র তাপপ্রবাহে তা 41-42°C পর্যন্ত পৌঁছাতে পারে। পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া ও রাজশাহী জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়। সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, দেশের অন্তত ২১টি জেলা উচ্চ ঝুঁকিপূর্ণ তাপপ্রবাহ অঞ্চলের মধ্যে পড়ে। ২০১৫ সালের দক্ষিণ এশিয়ার তাপপ্রবাহে ভারত ও পাকিস্তানে তাপমাত্রা 48-49°C  পর্যন্ত পৌঁছে, এবং ৩,৫০০-এর বেশি মানুষের মৃত্যু ঘটে যা এই অঞ্চলের ভয়াবহ ঝুঁকির একটি শক্তিশালী উদাহরণ। তাপপ্রবাহের তীব্রতা ও ঘনত্ব বৃদ্ধির পেছনে প্রধান কারণ হলো, জলবায়ু পরিবর্তন। বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডসহ গ্রিনহাউজ গ্যাসের মাত্রা বাড়ার ফলে তাপ আটকে যাচ্ছে এবং পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি দ্রুত নগরায়ণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। শহরের কংক্রিটের ভবন, পিচঢালা রাস্তা এবং সবুজের অভাব ‘আরবান হিট আইল্যান্ড’ তৈরি করে, যা শহরের তাপমাত্রাকে আশপাশের গ্রামাঞ্চলের তুলনায় ২–৭ক্কঈ পর্যন্ত বাড়িয়ে দেয়। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে এই প্রভাব আরও তীব্র, যেখানে বাতাস চলাচলের সুযোগ কম এবং তাপ আটকে থাকে দীর্ঘ সময়। তাপপ্রবাহের ক্ষতি কমাতে আগাম সতর্কতা এবং ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু লক্ষণ দেখে সহজেই বোঝা যায় যে তাপপ্রবাহ আসছে।

তাপপ্রবাহের আগমন সাধারণত হঠাৎ করে নয়, বরং কিছু স্পষ্ট লক্ষণের মাধ্যমে ধীরে ধীরে বোঝা যায়। টানা কয়েকদিন অস্বাভাবিক গরম অনুভূত হওয়া তার প্রথম ইঙ্গিত। এর সঙ্গে যদি দেখা যায় যে রাতেও তাপমাত্রা কমছে না এবং স্বস্তি মিলছে না, তবে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। অনেক সময় উচ্চ আর্দ্রতা বা দমবন্ধ করা গরম পরিবেশকে আরও অসহনীয় করে তোলে, যা দৈনন্দিন কাজকর্মকেও কঠিন করে দেয়। এসবের পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা তাপপ্রবাহের সম্ভাবনা সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। এই লক্ষণগুলো একসঙ্গে দেখা দিলে দ্রুত সতর্ক হওয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। তাপপ্রবাহের সময় ব্যক্তিগত সচেতনতা ও দৈনন্দিন কিছু সহজ অভ্যাস জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিত এবং পর্যাপ্ত পানি পান করা জরুরি তৃষ্ণা না লাগলেও শরীরকে হাইড্রেট রাখা উচিত। তাপপ্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব নয়, তবে সঠিক পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে এর প্রভাব উল্লেখযোগ্যভাবে কমানো যায়। পরিকল্পিত ও বিজ্ঞানভিত্তিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে তাপপ্রবাহের প্রভাব উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

শহরে ব্যাপকভাবে গাছ লাগালে আশপাশের তাপমাত্রা প্রায় ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে, যা নগর জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে সাহায্য করে। একইভাবে, প্রতিফলক ছাদ বা ‘কুল রুফ’ ব্যবহারের মাধ্যমে ঘরের ভেতরের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানো সম্ভব, ফলে বিদ্যুতের ওপর নির্ভরতা কিছুটা হ্রাস পায়। জলাশয় সংরক্ষণ এবং সবুজ করিডর গড়ে তোলা স্থানীয় পরিবেশকে শীতল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এগুলো প্রাকৃতিকভাবে তাপ শোষণ ও বায়ুপ্রবাহে সহায়তা করে। পাশাপাশি কার্যকর আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে তুললে তাপপ্রবাহজনিত মৃত্যুহার ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। তাপপ্রবাহ মোকাবিলায় সরকার, স্থানীয় প্রশাসন, বেসরকারি সংস্থা এবং জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এর জন্য প্রথমত আগাম সতর্কতা ব্যবস্থা আরও শক্তিশালী করা দরকার, যাতে মানুষ সময়মতো ঝুঁকি সম্পর্কে জানতে পারে এবং প্রস্তুতি নিতে পারে।