ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাড্ডা থানায় দায়েরকৃত একটি অপহরণ ও মুক্তিপণ আদায় মামলায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃত শিশুকে এবং আদায়কৃত মুক্তিপণের টাকা। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আবু রায়হান (২৩) ।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) বিকাল আনুমানিক ৫টায় বাড্ডা থানাধীন উত্তর বাড্ডা সাতারকুল রোডের আব্দুল্লাহবাগ মাদ্রাসাতুল ইসলাহ আল আরাবিয়ায় পড়তে যাওয়ার সময় মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আবু রায়হান (২৩) কর্তৃক অপহরণের শিকার হয় ১০ বছর বয়সী ছাত্র নাসিরুজ্জামান নিরব। এছাড়া অপহরণকারী আবু রায়হান মুক্তিপণ বাবদ ১ লাখ ৫ হাজার টাকা আদায় করে।
এ ঘটনায় বাড্ডা থানার চৌকস আভিযানিক টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ, সোর্স তথ্য এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে মোবাইল ট্র্যাকিং করে অপহরণে জড়িত প্রাক্তন শিক্ষক আবু রায়হানের অবস্থান নিশ্চিত করা হয়।
মঙ্গলবার ( ১৯ মে ) বাড্ডা থানা পুলিশের আভিযানিক টিম জামালপুর জেলার মাদারগঞ্জ থানাধীন জাঙ্গালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী আবু রায়হানকে গ্রেপ্তার করে। একই সাথে অপহৃত শিশু নাসিরুজ্জামান নিরবকে সুস্থ অবস্থায় উদ্ধার এবং মুক্তিপণ হিসাবে আদায়কৃত ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। শিশুটিকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
শিশু অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের মতো ঘটনায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জননিরাপত্তা নিশ্চিতে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে।