সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। কোনো কারণ ছাড়াই বিএসএফ বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়লে তাৎক্ষণিক কড়া প্রতিক্রিয়া জানিয়ে বিজিবি পাল্টা গুলি করে। এরপর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। ওই ঘটনার পর সীমান্তে বিজিবির টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত এলাকার লোকজনকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেলে বিজিবির সিলেট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে বিএসএফ কর্তৃক গুলি ছোড়ার ঘটনা ঘটে। এর জবাবে বিজিবি তাৎক্ষণিকভাবে পাল্টা গুলিবর্ষণ করে। বিজিবির দৃঢ় ও পেশাদার পদক্ষেপের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। 

বিজিবির সিলেট ব্যাটালিয়ন ৪৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে। বিএসএফ কেন প্রথমে গুলি করল তা জানি না। গুলিবর্ষণের মতো কোনো কারণ ছিল না। সীমান্তে যে কোনো অনাকাক্সিক্ষত ঘটনার ব্যাপারে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত এলাকার নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে।