কিছুদিন ধরেই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে কাঁচা মরিচ। মাঝে কিছুদিন কমার পর গতকাল কাঁচা মরিচের দাম বেড়ে আবার কেজি ৪শ টাকায় পৌঁছেছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে পেঁয়াজ। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এ ছাড়া এক মাসের ব্যবধানে আটার দাম বেড়েছে বলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের এক প্রতিবেদনে উঠে এসেছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকার কয়েকটি খুচরা ও পাইকারি বাজারের বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহ আগেও দেশি পেঁয়াজের দাম ছিল মানভেদে ৪০ থেকে ৪৫ টাকা, যা এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। টিসিবির হিসাব বলছে, এক মাসের ব্যবধানে ৪৩ দশমিক ৭৫ শতাংশ দাম বেড়েছে পণ্যটির। যদিও কৃষি বিভাগ বলছে, এবারে পেঁয়াজের ভালো ফলন হয়েছে এবং বিদেশ থেকে কোনো আমদানি করতে হবে না। এই অবস্থায় হঠাৎ করে দাম বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই।
জানতে চাইলে বাড্ডার শাহিন সুপার শপের স্বত্বাধিকারী শাহিনুল ইসলাম বলেন, পাইকারি বাজারে হঠাৎ করেই পেঁয়াজের দাম বেশি। যে কারণে এক সপ্তাহ আগেও যে পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি করেছি, তা এখন ৬০ টাকায় বিক্রি করতে হচ্ছে।
দুই সপ্তাহেরও বেশি সময় ধরে সবজি বিক্রি হচ্ছে ব্যাপক চড়া দামে। দু-একটি সবজির দাম খানিকটা কমলেও এখনো বেশিরভাগ সবজির দামই বেশি। এই মধ্যেই আরও বেড়েছে কাঁচা মরিচের দাম। প্রতি কেজি কাঁচা মরিচ এক সপ্তাহের ব্যবধানে ২৮০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়। মাঝে কিছুদিন কমার পর গতকাল কাঁচা মরিচের দাম বেড়ে ৩৪০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া সবজির মধ্যে লম্বা বেগুণ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায় কেজি। গোলাকৃতির কালো বেগুনের দাম উঠেছে ১৮০ টাকায় এবং সাদাটা বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। কোথাও কোথাও মানভেদে বেগুনের দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমবেশি দেখা গেছে। তবে ধুন্দল ও পটোলের দাম একটু কমেছে। ৯০ টাকা থেকে কমে পণ্য দুটির দাম বাজারভেদে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। এ ছাড়া করলা ১২০ থেকে ১৪০ টাকা, কচুরমুখি ৮০ থেকে ৯০ টাকা, বরবটি ১১০ থেকে ১৩০ টাকা এবং চিচিঙা বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে।
সেগুনবাগিচা কাঁচাবাজারের সবজি বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, ‘দু-তিনটা সবজিতে অল্প দাম কমেছে। আবার সপ্তাহের ব্যবধানে বেগুনসহ কয়েকটি পণ্যের দাম আরও বেড়েছে।’ এদিকে টিসিবির গতকালের বাজার বিশ্লেষণের তথ্য বলছে, এক মাসের ব্যবধানে আটা ও ময়দার দাম বেড়েছে। এর মধ্যে খোলা আটার দাম ৪ দশমিক ৪০ শতাংশ, প্যাকেট আটার দাম প্রতি কেজিতে ৮ দশমিক ৭০ শতাংশ এবং খোলা ময়দার দাম ৪ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে। তবে ব্রয়লার মুরগি ও ডিমের বাজার স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়।
