পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের বালিয়াড়ি থেকে ১৬৩টি কচ্ছপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কুয়াকাটার লেম্বুরবন এলাকার সৈকতসংলগ্ন একটি পরিত্যক্ত দোকানের নিচে থাকা গর্ত থেকে কচ্ছপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়। পরে বাচ্চাগুলোকে নিরাপদে আন্ধারমানিক নদীসংলগ্ন তিন নদীর মোহনায় অবমুক্ত করা হয়।
জানা যায়, দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার সকালে নিজের ফিশফ্রাই দোকান খুলতে যান লেম্বুরবন এলাকার ব্যবসায়ী মো. বায়েজিদ। এ সময় দোকানের নিচে বালুর মধ্যে ছোট ছোট কচ্ছপের বাচ্চা নড়াচড়া করতে দেখে তার সন্দেহ হয়। পরে গর্তের ভেতর অসংখ্য কচ্ছপের বাচ্চা দেখতে পান। বিষয়টি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘উপরা’কে জানানো হলে সংগঠনের সদস্যরা এসে বাচ্চাগুলো উদ্ধার করেন। ‘উপরা’র আহ্বায়ক কেএম বাচ্চু বলেন, এগুলো মূলত অলিভ রিডলি প্রজাতির সামুদ্রিক কচ্ছপের বাচ্চা। আমরা উদ্ধার করতে গিয়ে ডিমের খোসা পেয়েছি। ধারণা করা হচ্ছে, কিছুদিন আগে মা কচ্ছপ এখানে ডিম পেড়ে গিয়েছিল। প্রাকৃতিকভাবে ডিম ফুটে বাচ্চাগুলো বের হয়ে আসে। তবে জায়গাটি পরিত্যক্ত দোকানের নিচে হওয়ায় তারা সাগরে যেতে পারছিল না। কলাপাড়া ইউএনও কাওছার হামিদ বলেন, এটি অত্যন্ত ইতিবাচক একটি ঘটনা। পরিবেশ রক্ষায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও সচেতন মানুষের ভূমিকা প্রশংসনীয়।