অস্ট্রেলিয়ায় স্ত্রী-দুই সন্তানকে হত্যা, বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চল ক্যাম্পবেলটাউনে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে সুমন আহমেদ নামে ৪৭ বছর বয়সী এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। ঘটনাটিকে দেশটির পুলিশ ‘অত্যন্ত সহিংস ও হৃদয়বিদারক পারিবারিক অপরাধ’ হিসেবে বর্ণনা করেছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে স্থানীয় পুলিশ জানায়, স্থানীয় সময় গত সোমবার রাতে রেমন্ড অ্যাভিনিউর একটি বাড়ি থেকে ৪৬ বছর বয়সী এক নারী এবং ১২ ও ৪ বছর বয়সী দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির পৃথক তিনটি কক্ষে মরদেহ পাওয়া যায় এবং সবার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর ওই ব্যক্তিই জরুরি সেবা নম্বরে ফোন করেন। ফোনে তিনি বলেন, ‘আমি ছুরি দিয়ে আমার সন্তানদের এবং স্ত্রীকে হত্যা করেছি। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয় এবং গতকাল মঙ্গলবার ক্যাম্পবেলটাউন স্থানীয় আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে তিনটি পারিবারিক সহিংসতাজনিত হত্যার অভিযোগ আনা হয়। তিনি জামিন আবেদন করেননি। পুলিশের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি স্থানীয় গণমাধ্যমকে বলেনÑ ঘটনাস্থলটি ছিল অত্যন্ত ভয়াবহ, যেখানে তিনজনকে আলাদা স্থানে পাওয়া গেছে। তিনি আরও জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা সম্ভব নয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, অভিযুক্ত ব্যক্তি দুই সন্তানকে দেখাশোনা করতেন আর মা চাকরি করতেন। দুই শিশুরই গুরুতর বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতা ছিল। পুলিশ দাবি করছে, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, যা কয়েক মাস ধরে পরিকল্পনা করা হয়েছিল।