আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোর বাইরে পশুবাহী যানবাহন নিয়ে টানাটানি করলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। গতকাল মঙ্গলবার সকালে ডিএমপি সদর দপ্তরের এক বিশেষ সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। সভায় কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন, কাঁচা চামড়া পরিবহনের নিরাপত্তা, রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
ডিএমপি কমিশনার বলেন, যানজট নিয়ন্ত্রণ ও হাটের শৃঙ্খলা বজায় রাখতে হাটের নির্ধারিত সীমানার বাইরে কোনো পশু রাখা যাবে না। এ ছাড়া সড়কে পশুবাহী গাড়ি আটকে জোরপূর্বক হাটে নেওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জাল টাকা শনাক্তে ডিএমপির পক্ষ থেকে পশুর হাটগুলোতে বিশেষ মেশিন স্থাপন করা হবে। একই সঙ্গে ঈদের আগে ও পরে সড়কে খোঁড়াখুঁড়ি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘœ করতে সরকারের বিভিন্ন সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বানও জানান ডিএমপি কমিশনার।