প্রবাসীকে হত্যার পর ৮ টুকরো

স্বীকারোক্তিমূলক জবানবন্দি 

সৌদি প্রবাসী মোকাররম মিয়ার ৮ টুকরো লাশ উদ্ধারের পর হত্যা মামলায় প্রেমিকা তাসলিমা বেগম ওরফে হাসনার বোন হেলেনা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর তার কিশোরী মেয়েকে গাজীপুরের কোনাবাড়ী কিশোর উন্নয়নকেন্দ্রে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন  ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামি হেলেনার জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার এসআই (উপপরিদর্শক) এনামুল হক মিঠু দুই আসামিকে আদালতে হাজির করে হেলেনার জবানবন্দি রেকর্ড করার এবং তার কিশোরী মেয়েকে  উন্নয়নকেন্দ্রে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মনিরুজ্জামান ওই কিশোরীকে উন্নয়নকেন্দ্রে পাঠানোর আদেশ দেন।

হত্যার শিকার মোকাররম মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহরে। গত ১৭ মে মুগদার মান্ডা থেকে কয়েক টুকরো লাশ উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত হয়।