লিফটের ফাঁক দিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে আব্দুল্লাহ আল-রাইয়ান নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে খিলগাঁওয়ের এম-ব্লকের একটি বাসায় এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার ভোরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। স্বজনদের বরাত দিয়ে খিলগাঁও থানার এসআই মো. ফখরুল ইসলাম জানান, শিশুটির মা আইরিন নাহার লিফটের সাততলায় ওঠার সময় শিশুটিকে সঙ্গে নিয়েছিলেন। ছয়তলায় গিয়ে তিনি দেখেন পাশে শিশুটি নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে লিফটের ফাঁকা স্থানে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।