ঈদের পরে দেশে ফিরবেন মির্জা আব্বাস

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এখন অনেকটাই ভালো আছেন। কোরবানির ঈদের পর তিনি দেশে ফিরবেন। গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল। তিনি জানান, মালয়েশিয়ায় মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ পরিবারের সদস্যরা রয়েছেন। মির্জা আব্বাস তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।  জানা গেছে, ঈদের পরে দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে যোগ দেবেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ : মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গতকাল মঙ্গলবার মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে যান তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

হাসপাতালে গিয়ে বিএনপি নেতার চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন গোলাম পরওয়ার এবং তার দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করে মহান রবের নিকট দোয়া করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি।