রাজধানীর বিজয় সরণি মোড়ে কলমিলতা কাঁচাবাজারে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও ৬০টি দোকানের প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে। দোতলাবিশিষ্ট মার্কেটটির নিচতলার ‘মানিক মিয়া স্টোর’ নামক মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত। দোকানটি কলমিলতা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মানিক মিয়ার।
কলমিলতা মার্কেটটি উত্তর সিটি করপোরেশনের। নিচতলার এক অংশে মুদি ও কাঁচাবাজার, অন্য অংশে কসাইয়ের দোকান। আর দ্বিতীয় তলায় কাপড়ের দোকান, সনি র্যাংগস কোম্পানির সার্ভিসিং সেন্টার ও মিনি স্টোর রুমসহ অন্যান্য দোকান রয়েছে। আগুনে নিচতলার প্রায় সব দোকান ও মালামাল পুড়ে গেছে।
মার্কেটের দারোয়ান আব্দুর রহিম ও আতিক জানান, ভোর পৌনে ৫টার দিকে নিচতলার মানিক মিয়া স্টোরের শার্টারের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। তখন অন্যদের ডেকে তুলেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু পানি শার্টারের ভেতরে যাচ্ছিল না। আগুনও দ্রুত ছড়িয়ে পড়ে। তাই আতঙ্কে সবাই বাইরে চলে আসেন। তারা জানান, দুয়েকজন ছাড়া তেমন কেউ রাতে মার্কেটে থাকেন না। দ্বিতীয় তলার দুটি টেইলার্সে পাঁচ থেকে ছয় কর্মচারী ছিলেন। অনেক কষ্টে মই দিয়ে তাদের নিচে নামিয়ে আনা হয়।