নারায়ণগঞ্জ বন্দরে ড্রেজার ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসায় বাধা দেওয়ার জেরে মাকসুদুর রহমান জুয়েল নামে এক ড্রেজার ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গতকাল মঙ্গলবার দুপুরে মদনগঞ্জ শান্তিনগর শীতলক্ষ্যা নদীর তীরে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, বন্ধু শ্যামলকে দিয়ে ফোন করে ঘটনাস্থলে জুয়েলকে ডেকে নেওয়া হয়। পরে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহতের ভাই সোহেল জানানÑ টিটু, আল আমিন, ডিশ দুলাল, পলাশের সঙ্গে তার ভাইয়ের ড্রেজার ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিল। এ ছাড়া মাদক ব্যবসায় তাদের বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চান তিনি। বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।