চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোশংকরবাটি চৌকাপাড়ায় ছাত্রীর বাড়ি থেকে মরিয়ম বেগম (৫০) নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। মরিয়মের কানের দুল ছিনিয়ে নিতেই এ হত্যাকা- বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ছাত্রীর বাবা রুবেল, মা সুমি ও স্থানীয় স্বর্ণকার দীপককে আটক করেছে পুলিশ। মরিয়ম উজ্জ্বলপাড়ার আবুল কালামের স্ত্রী। তিনি বিভিন্ন বাসায় গিয়ে ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়িয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মরিয়ম বেগম গত সোমবার সকালে রুবেলের মেয়েকে প্রাইভেট পড়াতে তাদের বাসায় যান। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জিডি করেন। পরে ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ রুবেলের বাড়ি থেকে মরিয়মের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। নিহত মরিয়মের স্বামী মোসাদ্দেক হোসেন জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মোবাইলে মরিয়মের সঙ্গে শেষ কথা হয়েছিল। বাড়ি এসে রান্না করার কথা বলেছিল। কিন্তু আর ফেরেনি।
জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, রুবেল ও সুমির দেওয়া প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে, কানের দুলের কারণেই হত্যা করা হয়েছে। সোমবার সুমি দুটি কানের দুল এক স্বর্ণকারের কাছে বিক্রি করেন। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, পুলিশ বস্তাবন্দি অবস্থায় মরিয়মের লাশ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের মাথায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের কানের দুল ছিঁড়ে নেওয়া হয়েছে।