বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা কেটে নেওয়া হলো ডান হাত

বাগেরহাটের মোরেলগঞ্জে মিন্টু শেখ (৪৫) নামে এক বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার ডান হাত বিচ্ছিন্ন করে কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। গত সোমবার রাতে মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে এ হত্যাকা-ে জড়িতদের এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পরেনি পুলিশ। নিহত মিন্টু শেখ মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামের অহেদ শেখের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যায় মিন্টু তার বাড়ির পাশের কলাবাগানের পরিচর্যা করে ঘরে ফিরছিলেন। আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তারা মিন্টুর ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে কেটে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, মিন্টু মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। তিনি দলের জন্য একজন নিবেদিত কর্মী ছিলেন। তার হত্যার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করতে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

মোরেলগঞ্জ থানার ওসি মাহমুদুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার বাগেরহাট জেলা হাসপাতালে নিহত মিন্টুর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এরপর পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। কারা কী কারণে মিন্টুকে হত্যা করল তা তদন্ত করে দেখা হচ্ছে।