ভোলা সদর উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গত রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকবর হোসেনের ১৬ মাস বয়সী ছেলে মো. তাকরিম, আলীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহাদাতের ৪ বছর বয়সী ছেলে আজমাইন এবং ভেলুমিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. দুলালের ১৮ মাস বয়সী মেয়ে তাসফিয়া।
স্বজনরা জানান, দুপুর ১২টা থেকে ২টার মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে শিশুরা বসতঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।
নিহত শিশু তাকরিমের বাবা আকবর হোসেন জানান, দুপুরের দিকে পরিবারের সদস্যরা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তাকরিম সবার অগোচরে ঘর থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলোর সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছে। তবে এ ঘটনায় নিহত শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।