রাজধানীর লালবাগে দুর্বৃত্তদের গুলিতে আহত রাফি হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২০ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ১৪ মে রাত ৮টার দিকে লালবাগের শহীদনগর ৩নম্বর গলির বেরিবাধে দুর্বৃত্তের গুলিতে আহত হন তিনি।
মৃত রাফি হোসেন (২৬) ওই এলাকার মো. তাইজুদ্দিনের ছেলে।
মৃত্যুর বিষয় নিশ্চিত করে নিহতের রাফির ভগ্নিপতি আব্দুস সাত্তার ফরাজি জানান, ডান পাজরে একটি গুলিবিদ্ধ হয়েছিল তার। রাফির অবস্থা প্রথম থেকেই গুরুতর ছিল। ঘটনারদিনই তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই এক সপ্তাহ থরে চিকিৎসা শেষে আজ সকালে রাফির মৃত্যু হয়।
তার মা মোমেনা বেগম জানান, রাফি টি শার্ট প্রিন্ট করে এরপর অনলাইনে বিক্রি করেন। বিবাহিত ছিলেন তিনি। মেহেরজা নামে মাত্র এক মাস বয়সি একটি মেয়ে রয়েছে তার।
ঘটনারদিন আহত রাফিকে হাসপাতালে নিয়ে আসা মো. সজিব জানান, ওই গলিতে এলাকারই কয়েকজন যুবক সজিবকে একা পেয়ে জিজ্ঞেস করে, শাহিন নামে একজনকে তিনি দেখেছেন কি না। দেখেননি জানাতেই তারা সজিবকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে৷ এক পর্যায়ে সজিব সেখান থেকে চলে গিয়ে রাফিকে তার বাসা থেকে ডেকে আনেন। এরপর তারা দুজন ওই যুবককদের কাছে যাওয়া মাত্রই ইমন নামে একজন পিস্তল বের করে গুলি করে দেয়৷ ইমনের সঙ্গে রেজাউল, মিন্টু, শাহবুদ্দিনসহ আরও ৮-৯ জন ছিল।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।