পাকিস্তানকে টানা দ্বিতীয় সিরিজে হোয়াইটওয়াশ করার পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্তদের এই অবিস্মরণীয় পারফরম্যান্সে এবার মুগ্ধতা প্রকাশ করেছেন খোদ পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। বাংলাদেশ দলের এমন দাপুটে পারফরম্যান্স দেখে নিজের ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এই ‘সুইং অব সুলতান’।
নিজের দেশের এমন হারে হতাশ হলেও, টাইগারদের পুরো কৃতিত্ব দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি ওয়াসিম। তিনি স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশ এখন বিশ্বের যেকোনো পরাশক্তির সঙ্গে টেস্টে টক্কর দিতে পুরোপুরি প্রস্তুত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াসিম আকরাম লিখেছেন- "পাকিস্তানকে টানা দ্বিতীয়বার হারতে দেখে সত্যিই হতাশ লাগছে, তবে বিজয়ীদের পুরো কৃতিত্ব দিতেই হবে—বাংলাদেশ সম্পূর্ণ দাপটের সঙ্গে ক্রিকেট খেলেছে।"
একটা সময় ছিল যখন ঘরের মাঠে চেনা স্পিন ট্র্যাকে প্রতিপক্ষকে কুপোকাত করত বাংলাদেশ। তবে সেই চেনা ছক থেকে বেরিয়ে এসে বাংলাদেশের স্পোর্টিং এবং পেস-সহায়ক উইকেট বানানোর মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। আকরামের মতে, এই পরিবর্তনই বদলে দিয়েছে বাংলাদেশের টেস্ট ক্রিকেটকে।
তিনি আরও লেখেন- "আগে বাংলাদেশে ধীরগতির ও বেশি টার্ন নেওয়া উইকেট দেখা যেত, কিন্তু এখন তারা দারুণ টেস্ট পিচ তৈরি করছে, যা তাদের দ্রুত উঠে আসা পেসারদের সাহায্য করছে। সেই পেস আক্রমণের সামনে পাকিস্তানকে পিছিয়ে পড়তেই হয়েছে। এখন বাংলাদেশ এই ফরম্যাটে বিশ্বের সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পুরোপুরি প্রস্তুত।"
পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেওয়া বাংলাদেশের পেস আক্রমণের নতুন সেনসেশন নাহিদ রানার বোলিং আলাদাভাবে নজর কেড়েছে এই পাক কিংবদন্তির। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারা এই তরুণ পেসারকে প্রশংসায় ভাসিয়ে ওয়াসিম আকরাম বলেন- "আর নাহিদ রানার মতো প্রতিভা সত্যিই দেখার মতো—অসাধারণ এক বোলার। অভিনন্দন বাংলাদেশ!"