উৎসব নয়, মূলত ঈদের সিনেমা এখন হয়ে গেছে ঈদনির্ভর। এটি যেমন বিনোদনের বড় সময়, তেমনি নির্মাতা-প্রযোজকদের জন্যও সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মৌসুম। কিন্তু ঈদের সিনেমা কয়টি প্রতি বছরই ঈদের আগে এমন প্রশ্নটি প্রখর হয়ে ওঠে। মাস খানেকেরও বেশি সময় আগে ঈদের প্রস্তুতি শুরু করেন নির্মাতারা। কিন্তু প্রতিবারই দেখা যায়, সময় যত ঘনিয়ে আসতে থাকে, ততই হিসাব-নিকাশের রদবদল ঘটে। শুরুতে এক ডজনেরও বেশি সিনেমার নাম শোনা গেলেও ব্যবসায়িক বিবেচনা, প্রেক্ষাগৃহের অনিশ্চয়তা, শুটিং শেষ না হওয়া, সেন্সর জটিলতাসহ নানা কারণে ছোট হতে থাকে তালিকা। আসন্ন কোরবানি ঈদেও একই পরিস্থিতি জন্ম নিয়েছে। প্রাথমিকভাবে একগুচ্ছ সিনেমার নাম শোনা গেলেও ঈদের ১০ দিন বাকি থাকতেই অনিশ্চয়তা দেখা দিয়েছে কয়েকটি সিনেমার। এরই মধ্যে যেমন দুইটি সিনেমার মুক্তি পিছিয়ে গেছে, তেমনি দুইটি ছবি সংযুক্ত হয়েছে তালিকায়। কোনো কোনো লগ্নিকারক আবার দ্বিধা-দ্বন্দ্বেও ভুগছেন। সব মিলিয়ে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, এবার ঈদে মোট কয়টি সিনেমা মুক্তি পাচ্ছে।
আসছে ঈদুল আজহায় এবারও সবচেয়ে বেশি আলোচনা চলছে শাকিব খানের সিনেমাকে কেন্দ্র করে। ঢালিউডের এই একজনমাত্র নায়ক, যার সিনেমা মুক্তির খবরে খুলে দেওয়া হয় বন্ধ থাকা শতাধিক সিনেমা হল। আর শাকিবের সিনেমা না থাকলে ঈদ যেন অপূর্ণ থেকে যায় দর্শকের কাছে। এবার মুক্তির মিছিলে রয়েছে এই তারকার ‘রকস্টার’ সিনেমাটি। মাসখানেক আগেই প্রকাশ করা হয় সিনেমাটির প্রথম লুক। এরপর আলোচনায় এর অ্যানিমেশন টিজার। তারপরই মুক্তি পায় রকস্টারের টিজার। সর্বশেষ চলতি সপ্তাহে অবমুক্ত করা হয় সিনেমার গান। পিরিতি শিরোনামের গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই দর্শকমহলে ঝড় তোলে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে যায়, এখন পর্যন্ত সিনেমাটি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। এরই মধ্যে সিনেমাটির বাকি অংশের দৃশ্যধারণের কাজও শেষ হয়েছে গত সোমবার। সেন্সর ছাড়পত্র পেলেই ঈদে সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন পরিচালক আজমান রুশো। এতে সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা থাকছেন শাকিবের বিপরীতে।
এবার ঈদের সিনেমায় এবারও শোনা যাচ্ছে বহুল প্রত্যাশিত গোয়েন্দাভিত্তিক সিনেমা মাসুদ রানা। পাঁচ বছর আগে ‘মাসুদ রানা’ সিনেমার শুটিং শুরু করেছেন নির্মাতা সৈকত নাসির। সিনেমাটির বেশির ভাগ শুটিং শেষ হলেও বাকি ছিল একটি গান ও কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য। সব জটিলতা কাটিয়ে সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক আব্দুল আজিজ। গতকাল বুধবার অবমুক্ত করা হয়েছে এর অফিশিয়াল পোস্টার। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল রানা এবং তার বিপরীতে আছেন পূজা চেরি। গতকালই সেন্সরে ছবিটি জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
মুক্তির আগে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পাওয়া ‘রইদ’ সিনেমাটিও ঈদে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন এর পরিচালক মেজবাউর রহমান সুমন। এরই মধ্যে প্রকাশ পাওয়া রইদের গান, পোস্টার ও টিজার দেখে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।
এর আগে একাধিকবার মুক্তির ঘোষণা দেওয়া বুবলী ও আদর আজাদ জুটির ‘পিনিক’ সিনেমাটিও রয়েছে মুক্তির অপেক্ষায়। জাহিদ জুয়েল পরিচালিত সিনেমাটি এর আগেও কয়েকবার মুক্তির ঘোষণা দিয়ে পিছিয়েছে। হল সংকটের কারণে এবারও মুক্তি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সিনেমা-সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে আগামী ঈদুল আজহাতেও সিনেমাটি মুক্তি পাবে কি না সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।
এদিকে ঘোষণা দিলেও এখন পর্যন্ত শুটিং শেষ না হওয়ায় এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে বাপ্পারাজ ও দীঘি অভিনীত ‘বিদায়’ সিনেমাটি নিয়ে। যদিও পরিচালক মেহেদি হাসান হৃদয় এখনও দাবি করছেন ঈদেই মুক্তি পাচ্ছে সিনেমাটি। অন্যদিকে সেন্সরসহ সব প্রক্রিয়া শেষ করে ঈদেই আসছে ‘নাকফুলের কাব্য’। আলোক হাসান পরিচালিত এই ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি।
আরিফিন শুভ ও মিম অভিনীত মালিক সিনেমাটিও শেষ পর্যন্ত আসবে কি না তাও নিশ্চিত নয়। শুটিং শেষে এখন চলছে শেষ মুহূর্তের পোস্টের কাজ। আগামী সপ্তাহে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন সনদের জন্য জমা দিতে চান পরিচালক সাইফ চন্দন। ঈদের সিনেমা বলে ঘোষিত হওয়া সর্বশেষ সিনেমা ‘বনলতা সেন’ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সরকারি অনুদানের এই সিনেমাটির প্রযোজকের মধ্য নতুন করে দ্বন্দ্ব শুরু হওয়ায় ঈদে মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে। ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। সব মিলিয়ে ঈদে কয়টি সিনেমা মুক্তি পাবে তা জানা যাবে আরও কয়েকদিন পর।