স্মৃতির খাতা খুললেন ফেরদৌসী মজুমদার

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১২:১২ এএম

দেশের অভিনয় জগতের জীবন্ত কিংবদন্তি ফেরদৌসী মজুমদার এবার প্রথমবার যুক্ত হলেন কোনো পডকাস্টে। জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর বিশেষ পর্বে অতিথি হয়ে এসেছিলেন তিনি। আগামীকাল শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে পর্বটি।

জনপ্রিয় এই পডকাস্টের সঞ্চালক রুম্মান রশীদ খান জানান, ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর এক বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই মাইলফলক স্মরণীয় করে রাখতে ফেরদৌসী মজুমদারের চেয়ে উপযুক্ত অতিথি আর কেউ হতে পারতেন না।

গত ১৮ জুন ৮৩ বছরে পা দেওয়া এই গুণী শিল্পী এখনো দাপটের সঙ্গে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করে যাচ্ছেন। পডকাস্টে তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক ‘একতলা দোতলা’ (১৯৬৫)-র স্মৃতিচারণ করেন। শহীদ মুনীর চৌধুরীর লেখা সেই লাইভ নাটকে তার বিপরীতে ছিলেন রামেন্দু মজুমদার। দীর্ঘ এক মাসের মহড়ার কথা তুলে ধরে ফেরদৌসী মজুমদার স্পষ্ট জানান, যেকোনো কাজের মান ধরে রাখতে প্রস্তুতির কোনো বিকল্প নেই, যা বর্তমান সময়ে প্রায় হারিয়েই গেছে।

আড্ডায় উঠে এসেছে তার জীবনের এমন কিছু গোপন অধ্যায়ও, যা আগে কেউ জানত না। মহাদেশের বরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের সিনেমা কিংবা ঢালিউডের কালজয়ী ‘সূর্য দীঘল বাড়ী’র মতো প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন, সেই অজানা কারণও এবার অকপটে ব্যক্ত করেছেন তিনি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত