সা  ক্ষা  ৎ  কা  র

পূজা আপুর সঙ্গে দ্বৈত গান শ্রোতারা পছন্দ করেন

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১২:১৪ এএম

কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা ও মোহাম্মদ মিলনের কণ্ঠে প্রকাশ হয়েছে নতুন গান ‘নজর যেন না লাগে’। নতুন গান নিয়েই কথা হয় মিলনের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন তারেক আনন্দ

প্রকাশ হয়েছে বাঁধন সরকার পূজার সঙ্গে আপনার দ্বৈত গান ‘নজর যেন না লাগে’। এই গান তৈরির পরিকল্পনা কবে করেছিলেন?

প্রায় এক বছর আগে এই গানের পরিকল্পনা করেছিলাম। অবশেষে গানটি প্রকাশ হলো।

প্রকাশের পর কেমন সাড়া পাচ্ছেন?

নাটাই মিউজিক থেকে গানটি প্রকাশ হয়েছে পাঁচ দিন আগে। মোটামুটি খুব ভালো সাড়া পাচ্ছি। যারাই গানটি শুনেছেন তারা প্রশংসা করছেন।

পূজার সঙ্গে এর আগে কোনো গান ছিল? নাকি এটাই প্রথম?

আমাদের একসঙ্গে বেশ কিছু গান প্রকাশ হয়েছে। ‘তুমি ছাড়া’, ‘যত দেখি তোমাকে’, ‘চুপি চুপি ডাকি তোমায়’, ‘তোমায় ছেড়ে’, ‘কি করে বোঝাই’ প্রমুখ।

ডুয়েট গানের শিল্পী হিসেবে পূজাকেই বেছে নেওয়ার কারণ কী?

কারণ পূজা আপুর সঙ্গে গান করে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। তা ছাড়া আমাদের দুজনের জুটির গান শ্রোতারা পছন্দ করেন। কয়েকটি জনপ্রিয়ও হয়েছে। শ্রোতাদের চাহিদার কথা মাথায় রেখেই নতুন এই গান করেছি। পূজা আপুর সঙ্গে গান করতে পছন্দ করি।

পরবর্তী কাজ সম্পর্কে জানতে চাই। শিগগির নতুন কোনো গান পেতে যাচ্ছেন শ্রোতারা?

‘নজর যেন না লাগে’ গানটাই এখন নতুন। পরবর্তী কাজের কথা জানতে চাইলে বলব। আগামী কয়েক দিন পর পূজা আপুর অফিশিয়াল ইউটিউব চ্যানেলের জন্য আরেকটি ডুয়েট গান প্রকাশের পরিকল্পনা আছে। এই গানের রেশ কাটলেই আমরা ওই গানটি রিলিজ করার পরিকল্পনা শুরু করব। এ ছাড়াও আমাদের দুজনের গাওয়া আরও বেশ কিছু গান পর্যায়ক্রমে প্রকাশ পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত