কান চলচ্চিত্র উৎসব-২০২৬

ভূমধ্যসাগরের নীল জলরেখা ছুঁয়ে যখন সন্ধ্যার আলো ধীরে ধীরে নেমে আসে, তখন ফ্রান্সের ছোট্ট শহর কান যেন বদলে যায় এক স্বপ্নের নগরীতে। চারপাশে ঝলমলে আলো, লালগালিচায় ক্যামেরার ঝলকানি, দূর থেকে ভেসে আসা করতালির শব্দ সব মিলিয়ে নিজস্ব ছন্দেই সৌরভ ছড়াচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬

এবারের কান চলচ্চিত্র উৎসবে দর্শক মাতাচ্ছে ‘হার প্রাইভেট হেল’ সিনেমাটি। কানের লালগালিচায় ঝলক দেখান সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করা সোফি থ্যাচার। নগ্নতা, রক্তাক্ত খুন, মানসিক ট্রমা আর বিকৃত সম্পর্কের মিশেলে তৈরি এই নিয়নরঙা সাইকোলজিক্যাল থ্রিলার শেষ পর্যন্ত পায় টানা সাত মিনিটের দাঁড়িয়ে অভিবাদন। প্রদর্শনীর পর আবেগাপ্লুুত হয়ে কেঁদে ফেলেন সোফি। নির্মাতা রেফন তখন পুরো হল ঘুরে দর্শকদের আরও জোরে হাততালি দিতে উৎসাহ দিচ্ছিলেন। সিনেমায় দেখা যায় প্রধান চরিত্র সোফি এক মানসিকভাবে বিপর্যস্ত চলচ্চিত্র তারকা। তার জীবনে নতুন সংকট তৈরি হয়, যখন তার সবচেয়ে কাছের বান্ধবী বিয়ে করেন তার বাবাকে। একই সময়ে শহরে শুরু হয় ভয়াবহ সিরিয়াল কিলিং। রহস্যময় এক খুনি ‘দ্য লেদার ম্যান’তরুণীদের হত্যা করতে থাকে। খুন হওয়ার আগে ভুক্তভোগীরা চিৎকার করে শুধু একটি শব্দ উচ্চারণ করে, ‘ড্যাডি!’

অন্যদিকে চার্লস অভিনয় করেছেন এক সেনাসদস্যের চরিত্রে, যার মেয়ে নিখোঁজ হয়ে যায়। এরপর শুরু হয় তার প্রতিশোধের অভিযান। সাম্প্রতিক বছরগুলোতে কান উৎসবে সবচেয়ে সফল পরিবেশনা প্রতিষ্ঠানগুলোর একটি এটি। যদিও ‘হার প্রাইভেট হেল’ প্রতিযোগিতা বিভাগের বাইরে প্রদর্শিত হয়েছে, তবু সিনেমাটি ইতিমধ্যে উৎসবের অন্যতম আলোচিত ছবি হয়ে উঠেছে।