সোহমকে হত্যার হুমকি

বিষয়টা যে এমন ঘটবে, তা আন্দাজও করতে পারেননি টলিউড অভিনেতা তথা তৃণমূল নেতা সোহম চক্রবর্তী। শেষমেশ বাধ্য হয়েই বিষয়টা আনলেন প্রকাশ্যে। জানালেন, গত মঙ্গলবার রাতে তাকে ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছেন এক প্রযোজক। তার অভিযোগ, সোহমের কাছে বারবার ডেট চেয়েও, না পাওয়ার কারণেই নাকি ছবিটা তৈরি হতে পারেনি। প্রযোজকের এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে সোহম জানিয়েছেন, সেই সময় তিনি এতটাও ব্যস্ত ছিলেন না যে, ডেট দিতে পারতেন না। লক্ষণীয়, এর মধ্যেই বাংলার সরকার বদলেছে, তারপরই যোগাযোগ করেন প্রযোজক। তবে সোহম-প্রযোজক তরুণ দাসের এই বাগবিতণ্ডা এখানেই থামে না। সোহমের অভিযোগ, প্রযোজক তার অফিসে আসেন এবং টাকা ফেরত চান। সোহমও স্পষ্ট জানিয়ে দেন, অগ্রিম টাকা এক্ষেত্রে ফেরতযোগ্য নয়। এরপরই সোহমকে ফোন করে প্রযোজক তরুণ দাস অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রযোজক বলেন, তীর-ধনুক চলবে, খেলা হবে।