‘লীগ কার্যত সেদিনই ব্যাক করেছে’ ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের এমন মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা, সমালোচনা তৈরি হয়েছে। তার এ পোস্ট কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের কারও কারও বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ সামনে এনেছেন কেউ কেউ। তারা প্রশ্ন তুলেছেন এখন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করছেন, কিন্তু সেই সরকার থেকে কেন তখন তিনি সরে দাঁড়াননি?
গত মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ
থাকবে। শেখ হাসিনা যদি আসেন বাংলাদেশে তাকে বিচারবহির্ভূত কিছু আমরা করব না।’ তার এ বক্তব্যের পর রাতে মাহফুজ আলম ফেসবুকে আওয়ামী লীগসংক্রান্ত পোস্টটি দেন।
প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন মাহফুজ আলম। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সাবেক সদস্য। তবে অভ্যুত্থানের পর গঠিত দল এনসিপিতে যোগ দেননি তিনি। নিজে গত মার্চে ‘অলটারনেটিভস’ নামে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেন।
ফেসবুকে আওয়ামী লীগ সম্পর্কিত ওই পোস্টে মাহফুজ আলম লেখেন, ‘লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ইমান আবার ফেরত এসেছে। কীভাবে ফিরল, সে গল্পই বলব আজ।’ এরপর আওয়ামী লীগ কীভাবে ফিরেছে, তা তুলে ধরে তিনি বলেন, “আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ’২৪-কে ’৭১-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি।” ‘আওয়ামী লীগ সেদিনই ব্যাক করবে-করেছে, যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল গত ১৭ বছরের মজলুমগণ।’ তার পোস্টটি ফেসবুকে ভাইরাল হয়।
মাহফুজের ওই পোস্টের নিচে অনেকেই মন্তব্য করেছেন। এর মধ্যে রাজধানীর শাহবাগ থানার সামনে মাইকে ৭ মার্চের ভাষণ বাজানোর কর্মসূচি কেন্দ্র করে দুই মাস জেলে থেকে মুক্তি পাওয়া শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি মন্তব্যের ঘরে লেখেন ‘লীগ সেদিনই ব্যাক করসে, যেদিন ৩২ ভাংতে গেসিলা।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমানে জাতীয় ছাত্রশক্তির নেতা আবু বাকের মজুমদার লেখেন ‘উপদেষ্টাদের কারও কারও অর্থ কেলেঙ্কারির বিষয়টা মিস (উল্লেখ করা হয়নি) গেছে ভাই।’
মাহফুজের এ পোস্টের পর আওয়ামী লীগের ফেরা নিয়ে অনেকেই সামাজিক মাধ্যমে লিখেছেন। সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল গতকাল দুপুরে ফেসবুকে লেখেন ‘আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।’
সাবেক সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ এক দীর্ঘ পোস্টে লেখেন ‘লীগ ফেরত আসবে না। কিন্তু যে কারণে লীগকে মানুষ মরিয়া হয়ে হটাতে চেয়েছে, সেই পুরনো বন্দোবস্ত ফেরত এসেছে।...’
এদিকে আওয়ামী লীগের ফেরা নিয়ে ফেসবুক দেওয়া পোস্টটি ভাইরাল হওয়ার পর একই দিন মধ্যরাতে আরেকটি পোস্ট দেন মাহফুজ আলম। সেখানে তিনি লেখেন ‘যারা আগের পোস্টকে পর্যালোচনা হিসেবে পাঠ করেছেন, তাদের জন্য বলছি আমাদের এখনকার কাজ হলো সব নিপীড়নের বিরুদ্ধে, নিপীড়িতের পক্ষে থাকা। দল-মত-ধর্মনির্বিশেষে বাংলাদেশের সব নাগরিকের মানবাধিকারের পক্ষে থাকা। হটকারী, উগ্রবাদী ও অন্তর্ঘাতমূলক রাজনীতিকে পরাস্ত করা।’