মির্জা ফখরুল বললেন

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না

ঠাকুরগাঁওয়ের বহু প্রতীক্ষিত পরিত্যক্ত বিমানবন্দর চালুর অগ্রগতি পরিদর্শনে এসে জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার মাদারগঞ্জে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ধর্মের নামে রাজনীতি করে জনগণের ভালোবাসা পাওয়া যায় না। ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, এ দেশের মানুষ তাদের কোনো দিন ক্ষমতায় আনবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘একটা দল আছে ধর্মের নামে রাজনীতি করে। তারা খুব সুন্দর সুন্দর কথা বলে। মিঠা মিঠা ধর্মের কথা বলবে আর মিথ্যা কথা বলবে। এই করে রাজনীতি হবে না। জনগণের ভালোবাসা পেতে হলে সত্য কথা বলে জনগণকে ভালোবেসে এগোতে হবে।’

জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কিছু মানুষ আছে, কিছু গোষ্ঠী আছে, কিছু দল আছে, যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা বিভিন্নভাবে এই অপপ্রচার চালিয়ে, মিথ্যা কথা বলে মানুষকে ভুল বোঝাচ্ছে যে আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। অথচ আমরাই জুলাই সনদ তৈরি করেছি।’

ঠাকুরগাঁওয়ের পুরনো বিমানবন্দরটি পুনরায় চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন হবে, মন্ত্রীও বলেছেন হবে। আগামী দুই বছরের মধ্যে ইনশা আল্লাহ এখানে বিমানবন্দর চালু হবে।’

বিমানবন্দর পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সংসদ সদস্য এবং নেতা-কর্মীরা।