চবির হলে অস্ত্র হাতে শিক্ষার্থী

তদন্তে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলে দেশীয় অস্ত্র নিয়ে এক শিক্ষার্থীর বের ঘটনায় চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আজ বৃহস্পতিবার (২১ মে) গঠিত এ কমিটিকে দ্রুত সময়ের মধ্যে ঘটনার তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেন চবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলাম।

জানতে চাইলে তিনি বলেন, আজকে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে। আমরা তদন্ত কমিটিকে সাত দিন সময় দিয়েছি, সাত দিনের মধ্যে তারা তদন্ত রিপোর্ট জমা দিবে।

মেরিন সায়েন্স অ্যান্ড ফিসারিজ অনুষদের ডিন ড. শাহাদাত হোসেনকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আইন অনুষদের ডিন ড. জাফর উল্লাহ তালুকদার এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. কামরুল হোসেন। এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন রেজিস্ট্রার দপ্তরের শিক্ষক সেলের কর্মকর্তা সোহরাব হোসেন শাওন।

তদন্ত কমিটি সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পর্যালোচনা করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর।

এর আগে রবিবার দুপুরের পর শাহ আমানত হল প্রশাসন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে। প্রথম দফায় দীর্ঘ সময় যাচাই করেও অস্ত্রধারী ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে সন্ধ্যার পর চাকসু প্রতিনিধিদের উপস্থিতিতে পুনরায় ফুটেজ বিশ্লেষণ করা হলে অস্ত্রধারীর ভিডিও ফুটেজ শনাক্ত করা হয়। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহিদ সরওয়ার্দী বলেন, আমরা সিসিটিভির ফুটেজ পেয়েছি। দ্রুত তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে এবং জড়িত ব্যক্তিকে শনাক্তে কাজ চলছে। বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষা ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।