ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ পরিদর্শন করেছে চীনের ইউনান একাডেমি অব সোশ্যাল সায়েন্সেসের (ইয়াস) একটি প্রতিনিধিদল। এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ মে) বিভাগে অনুষ্ঠিত এক সৌহার্দ্যপূর্ণ বৈঠকে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
ইউনান একাডেমি অব সোশ্যাল সায়েন্সেস (ইউএএসএস)-এর সভাপতি ও অধ্যাপক ইয়াং ঝেংকুয়ান এম-এর নেতৃত্বে এবং তিনজন জ্যেষ্ঠ সদস্য ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ-এর অধ্যাপক ও পরিচালক গুও না, এফ; ইনস্টিটিউট ফর ইন্ডিয়ান স্টাডিজ-এর সহযোগী অধ্যাপক ও পরিচালক লিন ইয়ানমিং এম; এবং ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ-এর সহযোগী অধ্যাপক গুও সুইয়ান, এফ উপস্থিত ছিলেন।
লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দা লাসনা কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাঈনুল ইসলাম উপস্থিত ছিলেন। বৈঠকে দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলা এবং একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এসময় যৌথ গবেষণা কার্যক্রম, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, প্রশিক্ষণ ও একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রাম, ভবিষ্যৎ সেমিনার ও কনফারেন্স আয়োজনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন উভয় পক্ষের প্রতিনিধিরা। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে আন্তর্জাতিক একাডেমিক অংশীদারিত্ব জোরদার এবং আন্তঃসাংস্কৃতিক জ্ঞান বিনিময় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
একইসঙ্গে গবেষণা, সংলাপ ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে সমসাময়িক জনপ্রশাসনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় একাডেমিক কূটনীতির গুরুত্ব তুলে ধরা হয়। সফরের শেষে উভয় পক্ষ পারস্পরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বিস্তৃত সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।