ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারে ৩২টি সিসিটিভি ক্যামেরা, দুটি মনিটর ও প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জাম ক্রয় করা হয়েছে। খুব শিগগিরই হলের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এসব ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়া আগামী সপ্তাহে আরও ১২টি সিসিটিভি ক্যামেরা যুক্ত করা হবে বলে জানিয়েছেন হল সংসদের ভিপি আহসান হাবিব ইমরোজ।
বুধবার (১৫ জুলাই) হল সংসদের ভিপি আহসান হাবিব ইমরোজের সার্বিক সহায়তায় কেনা সিসিটিভি ক্যামেরা ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিকালে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নুরুল আমিনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম উপস্থিত ছিলেন।
সিসিটিভি হস্তান্তরকালে হল সংসদের ভিপি আহসান হাবিব ইমরোজ বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরেই হল প্রাঙ্গণকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার দাবি ছিল। তবে হলের গঠনগত সমস্যার কারণে এতদিন তা বাস্তবায়ন সম্ভব হয়নি। পরে হলের সাবেক শিক্ষার্থীদের সহযোগিতায় সিসিটিভি ক্যামেরা ও মনিটর কেনা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও হলের উন্নয়নে সাবেক শিক্ষার্থীদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় তিনি হলের প্রধান ভবনের পাঠাগারকে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থার আওতায় আনার দাবি জানান।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নুরুল আমিন বলেন, হলের বিভিন্ন আয়ের উৎস রয়েছে এবং সেগুলো আরও বাড়ানোর চেষ্টা চলছে। আয় বৃদ্ধি করা গেলে হলের সার্বিক উন্নয়ন আরও সহজ হবে। তিনি বলেন, ক্যান্টিনের খাবারের মান নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। অনিয়মের কারণে আগের দিনই ক্যান্টিন পরিচালনাকারীকে জরিমানাও করা হয়েছে।
সিসিটিভি স্থাপনের উদ্যোগের জন্য হল সংসদকে ধন্যবাদ জানিয়ে প্রাধ্যক্ষ বলেন, এ বিষয়ে হল প্রশাসনের কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে। অর্থের সীমাবদ্ধতা থাকলেও প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবে।
ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, নির্বাচিত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তারা ধারাবাহিকভাবে কাজ করছেন এবং অবশিষ্ট সময়ে বাকি প্রতিশ্রুতিগুলোও বাস্তবায়নের চেষ্টা করবেন।
তিনি বলেন, বর্তমানে হলগুলোতে গেস্টরুম ও গণরুমের নামে কোনো সহিংসতা নেই। এ পরিবর্তনের পেছনে হল সংসদের পাশাপাশি হল প্রশাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সঙ্গে দাসের মতো আচরণের সেই সংস্কৃতি আর ফিরতে দেওয়া হবে না।
ডাকসুর ভিপি আরও বলেন, হল সংসদের ভিপি আহসান হাবিব ইমরোজের উদ্যোগে সিসিটিভি ক্যামেরা কেনা সম্ভব হয়েছে। এজন্য ডাকসুর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে তিনি চলতি মাসের মধ্যেই জহুরুল হক হলের মূল ভবনের লাইব্রেরিতে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা চালুর আশাবাদ ব্যক্ত করেন।
ঢাবির জহুরুল হক হলে ৩২টি সিসিটিভি ক্যামেরা, শিগগিরই স্থাপন
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৫:৩১ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৫:৩১ পিএম
ছবি: সংগৃহীত
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০