মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয় ও উত্তর রাঙ্গামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ হিসেবে ব্যবহৃত দানকৃত জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গত মঙ্গলবার উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয়সংলগ্ন মৌলভী মাঠে এ কর্মসূচি করেন স্থানীয় এলাকাবাসী ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
মানববন্ধনে জানানো হয়, ১৯৮৩ সালে উত্তর রাঙ্গামালিয়া এলাকার মীর ইদ্রিস আলী, মীর ইলিয়াস মিয়া, মীর ইব্রাহিম মিয়া ও মীর ইসরাফিল মিয়া বাসাইল উচ্চ বিদ্যালয়ের নামে ১ একর ৫১ শতাংশ জমি দলিলের মাধ্যমে দান করেন। পরে একই এলাকার সৈয়দ মোহাম্মদ হোসেন উত্তর রাঙ্গামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে আরও ৩৩ শতাংশ জমি দান করেন। দীর্ঘদিন ধরে জমিগুলো দুই বিদ্যালয়ের খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। স্থানীয় মৃত শওকত আলী খানের ছেলে মাসুদ আলী খান ওরফে লাভু (৬৫) ও মারুফ আলী খান ওরফে নিপু (৬০) ওই জমি অবৈধভাবে দখলের চেষ্টা করছেন।