তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয়ের নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানির জন্য আগামী ৯ জুন দিন ধার্য হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ দিন ধার্য করেন। এর আগে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। এতে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ। চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। রিটকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের ৩০ নভেম্বর ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। পরে সুপ্রিম কোর্টের একটি ভবনে সচিবালয়ের কার্যক্রম শুরু হয়। গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এর সিনিয়র সচিব শেখ আশফাকুর রহমানসহ ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়। সরকারের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দল।
বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করা চপেটাঘাত- জামায়াত : বিচার বিভাগীয় সচিবালয়কে বিলুপ্ত করা বিচার বিভাগের ওপর চপেটাঘাত বলে উল্লেখ করেছে জামায়াত। গতকাল বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার প্রতিবাদে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা এবং সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, জামায়াতে ইসলামী সর্বদাই স্বাধীন বিচার বিভাগের পক্ষে। আমাদের বিবেচনায় বিচার বিভাগ স্বাধীন হলে রায় যার পক্ষেই যাক না কেন, তাতে কোনো আপত্তি নেই। সঠিক বিচারের মাধ্যমে আমাদের আসামি হিসেবে আদালতে দাঁড়াতে হলেও আপত্তি নেই। বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে না দিলে সভ্যসমাজ গড়ে উঠতে পারে না।