সেতুমন্ত্রী বললেন

সড়কে বছরে সাড়ে চার হাজার প্রাণহানি রাষ্ট্রের ব্যর্থতা

দেশে প্রতি বছর প্রায় সাড়ে চার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘এটি রাষ্ট্রের ব্যর্থতা।’ তবে দুর্ঘটনা নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

গতকাল শুক্রবার কুমিল্লায় জেলা প্রশাসন ও বিআরটিএ ট্রাস্টি বোর্ড আয়োজিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় চেক বিতরণ ও সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘দেশে সড়ক দুর্ঘটনা বাড়ার পেছনে মূলত তিনটি কারণ রয়েছে আনফিট যানবাহন, অদক্ষ চালক এবং জনসচেতনতার অভাব।’ তবে সরকার এ দায় এড়িয়ে যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘দুর্ঘটনা কমাতে সরকারের পাশাপাশি পরিবহন মালিক,  চালক ও সাধারণ মানুষকেও দায়িত্বশীল হতে হবে।’

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ‘রাষ্ট্র হয়তো নিহত ব্যক্তিদের ফিরিয়ে দিতে পারবে না, তবে তাদের পরিবারকে সহায়তা দেবে।’ অনুষ্ঠানে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮৬ জনের পরিবারের মধ্যে ৪ কোটি ৩০ লাখ টাকা এবং আহত ৩৩ জনের মধ্যে ৫৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘সবাই সহযোগিতা করলে এবং প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা সম্ভব হবে।’

এর আগে ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে দাউদকান্দির মেঘনা-গোমতী সেতু টোল প্লাজা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক প্রমুখ।