হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১১ শিশুর

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে ২ শিশু এবং বাকি ৯ জনের শরীরে হামের উপসর্গ ছিল। একই সময়ে ‘সন্দেহজনক’ হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬১ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫৪  জনের। সরকারি হিসেবে হামজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জনে। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ৮৫ শিশুর। আর হামের  উপসর্গ নিয়ে মারা গেছে ৪১৪ শিশু। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২২ মে সকাল ৮টা পর্যন্ত হামজনিত রোগী পাওয়া গেছে ৬০ হাজার ৫৪০ জন। হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৩২৯ জনের। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৫১১ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪৩ হাজার ৪১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুরে ১ জন করে, বরিশালে ২ জন এবং সিলেট বিভাগে ৫ জন মারা গেছে। একই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫৮৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হামের রোগী রয়েছে ৪০ জন।  

বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত হামে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৫০ শিশুর মৃত্যু হয়েছে। এ বিভাগে ‘সন্দেহজনক হামে’ মৃত্যু হয়েছে ১৬০ জনের। এরপরেই রয়েছে রাজশাহী বিভাগে ৭৯ জন, সিলেট  ৪৫ জন, চট্টগ্রামে ৪০ জন, ময়মনসিংহে ৩৪ জন,  বরিশালে ৩০ জন, খুলনাতে ২১ জন এবং রংপুর বিভাগে ৫ জন ‘সন্দেহজনক হাম’ উপসর্গে মৃত্যু হয়েছে।