পটুয়াখালীতে পুকুরে ডুবে লামিয়া আক্তার (১০) ও সেফা মনি (১১) নামে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শহরের টাউন কালিকাপুর এলাকার উকিল বাড়ি সংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত লামিয়া আক্তার ওই এলাকার জাকির হোসেনের মেয়ে এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে সেফা মনি আবু সুফিয়ানের মেয়ে ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরে দুই শিশু পুকুরপাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে তাদের উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় দ্রুত পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।