পুকুরে ডুবে মৃত্যু ব্র্যাক ইউনিভার্সিটির দুই সহপাঠীর

মুন্সীগঞ্জ শহরে সহপাঠীর দাদার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ব্র্যাক ইউনিভার্সিটির দুই সহপাঠীর মৃত্যু হয়েছে। তারা হলেন মো. সোপান (২৪) ও মো. আজওয়াদ (২২)। গতকাল শুক্রবার বিকেলে শহরের পশ্চিম দেওভোগ এলাকার সোপানের দাদা প্রয়াত জহির উদ্দিন হাজির বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। নিহত সোপান ওই এলাকার প্রয়াত মোস্তাকুর রহমানের ছেলে। তার সহপাঠী নিহত আজওয়াদ রাজধানীর মিরপুরের মো. রিপনের ছেলে। উভয়েই ব্র্যাক ইউনিভার্সিটির অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

জানা গেছে, বিকেল ৪টার দিকে ওই শিক্ষার্থীরা বাড়ির চার তলা ভবনের ছাদে আড্ডা দিচ্ছিল। এ সময় আড্ডা ভেঙে সোপান ও আজওয়াদ বাড়ির ভেতরের পুকুরের ঘাটলায় গোসল করতে যায়। একপর্যায়ে আজওয়াদ পুকুরের ঘাটলা থেকে পা পিছলে পানিতে তলিয়ে যেতে থাকে। সে সাঁতার জানত না। এ দৃশ্য দেখে আজওয়াদকে বাঁচাতে এগিয়ে যায় সোপন। সে সাঁতার জানলেও সহপাঠীকে বাঁচাতে এগিয়ে গেলে দুইজনই অথৈ পানিতে তলিয়ে যায়। তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।