সমাজকল্যাণমন্ত্রী বললেন

শিশু নির্যাতন ও ধর্ষণে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘শিশু নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।’ তিনি বলেন, ‘যারা শিশুদের নির্যাতন বা ধর্ষণ করে, তাদের সর্বোচ্চ শাস্তি হিসেবে বেগম খালেদা জিয়ার আমলে মৃত্যুদ-ের বিধান করা হয়েছে। এরপরও আপনারা কী চান, সেটিও ভাবতে হবে।’

গতকাল শুক্রবার বিকেলে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সম্প্রতি আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।’ আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘নারী ও শিশু নির্যাতনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যে দলেরই হোক না কেন, নিজ দলের কিংবা বিরোধী দলের, সবার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

মতবিনিময়সভ শেষে মন্ত্রী উপজেলার বিভিন্ন মসজিদ মন্দির ও গীর্জায় আর্থিক অনুদানের কাগজ তুলে দেন।